কক্সবাজারের কমিউনিটি মিডিয়া জগতে একটি গুরুত্বপূর্ণ নাম “রেডিও সৈকত” চার বছর পূর্ণ করে পঞ্চম বছরে পদার্পণ করেছে। জনসচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় কণ্ঠস্বরকে তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা করা এই রেডিওর বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুন বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের অরুণোদয় স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি সমাজে সম্প্রীতি, পরিবেশ সচেতনতা এবং ব্যক্তিগত নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সামাজিক সমস্যার সমাধান কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বিশেষ করে মাদক ও মানবপাচার প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার বলেন, রেডিও মানুষের আবেগ ও আস্থার মাধ্যম হিসেবে জনসচেতনতা তৈরিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। স্থানীয় সমস্যা ও জনস্বার্থমূলক বিষয়গুলো নিয়মিত প্রচার করা গেলে এই প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিকতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কক্সবাজারের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর, উপকূলীয় সমস্যা, পরিবেশ সচেতনতা এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থায় রেডিও সৈকতের ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ বেতার কক্সবাজারের উপআঞ্চলিক পরিচালক জানান, গত বছরে রেডিও সৈকত প্রায় ৩০০টি ভিডিও কনটেন্ট তৈরি ও সম্প্রচার করেছে, যা স্থানীয় তথ্য প্রবাহকে আরও শক্তিশালী করেছে।
আলোচনা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

