
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে এক যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড ও র্যাব এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করে।
বুধবার (২৯ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশখালীয়াপাড়ায় মেরিন ড্রাইভের পূর্ব-পাশের হ্যাচারি সংলগ্ন এলাকায় র্যাব ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গলের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়।
পরবর্তীতে, বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি সম্ভাব্য ইয়াবা তৈরির কাঁচামাল (পাউডার) এবং এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
