টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ

মতামত

টেকনাফ প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ এক বিশেষ অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য অর্জিত হয়েছে। তবে, এ ঘটনায় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ (২২ জুন ২০২৫) সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ এর প্রায় ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জাজোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার খবর পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে, ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি তাৎক্ষণিকভাবে মির্জাজোড়া এলাকার বেড়িবাঁধ, নাফ নদী এবং তীরবর্তী কৌশলগত স্থানগুলোতে বিশেষ টহল দল মোতায়েন করেন। একই সাথে, দমদমিয়া বিওপি থেকে একটি নৌ টহল দল ফ্যান্টম বোটযোগে নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান নেয়।

ভোর আনুমানিক সাড়ে ৫টায় অভিযানরত দল মিয়ানমারের জলসীমায় একটি নৌকাকে দীর্ঘক্ষণ ধরে ঘোরাঘুরি করতে দেখে। এরপর নৌকা থেকে সন্দেহভাজন দুজন ব্যক্তি নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভেতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল তাদের ধাওয়া করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা কেওড়া জঙ্গল সংলগ্ন মাছের প্রজেক্টের পাশে লুকিয়ে রেখে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে দ্রুত কেওড়া জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

দীর্ঘ তল্লাশির পর বিজিবি সদস্যরা কেওড়া জঙ্গলের ভেতরে পাচারকারীদের ফেলে যাওয়া দুটি কর্দমাক্ত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যদিও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি, তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জমার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তাঞ্চলে সকল ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *