দেশের সীমান্ত নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আজ শনিবার (৬ জুন ২০২৬) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, “কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ধারাবাহিক ‘পুশইন’ ও ‘সীমান্ত হত্যা’ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক স্পষ্ট চ্যালেঞ্জ। কোনো ধরনের নাগরিক পরিচয় যাচাই ও কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেওয়া এবং নিরীহ বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি কোনো স্বাধীন রাষ্ট্র চুপচাপ মেনে নিতে পারে না।” তিনি অবিলম্বে সীমান্তে যেকোনো ধরনের উত্তেজনা ও অবৈধ কার্যক্রম বন্ধে সরকারকে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
সীমান্ত ইস্যুর পাশাপাশি দেশের চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা না করে সরকারের নেওয়া এসব সিদ্ধান্তকে ‘অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
একই সাথে তিনি উপস্থিত রুকনদের উদ্দেশ্যে বলেন, শুধু দাওয়াতি কার্যক্রমই নয়, সমাজকল্যাণমূলক ও মানবিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে।
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনসহ কেন্দ্র ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

