কুতুবদিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

উপজেলা পরিবেশ
ছবি: ডিএনএন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিতরণকৃত গাছের মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ। শিক্ষার্থীদের মাঝে এসব গাছ বিতরণের মাধ্যমে তাদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও বৃক্ষের উপকারিতা সম্পর্কে আগ্রহী করে তোলার প্রয়াস নেওয়া হয়।

অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনে তাদের উদ্বুদ্ধ করেন। এই কর্মসূচিতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলী ওসমান শেফায়েত।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে ছাত্রশিবির প্রতিবছর নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।

উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবেই কুতুবদিয়া উপজেলা শাখা এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *