
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ মোচনী রেজিস্টার্ড ক্যাম্পে চাঞ্চল্যকর বাক প্রতিবন্ধী আলমগীর হত্যা মামলার মূলহোতা নুরুল আমিন প্রকাশ নুরুল আলম ডাকাতকে কক্সবাজার সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গত ১৬ জুন ২০২৫ তারিখে টেকনাফ থানাধীন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিকাশ মোড়ে আজিরনের দোকানের সামনে বাক প্রতিবন্ধী আলমগীর (১৮) অবস্থান করছিলেন। দুপুর পৌনে ১টার দিকে আসামি নুরুল আমিন প্রকাশ নুরুল আলম ডাকাত এবং তার সহযোগীদের সাথে আলমগীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, নুরুল আমিন তার হাতে থাকা ওয়ান শুটার গান (বন্দুক) দিয়ে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি আলমগীরের বুকের পাঁজরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। আসামিরা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়।
আশপাশের লোকজন আলমগীরকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় টেকনাফ থানায় ৪১ নং মামলা (ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) রুজু হয়। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল।
মামলা রুজু হওয়ার পর র্যাব-১৫ তাদের গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত ২০ জুন ২০২৫ রাতে র্যাব-১৫ সদর এর একটি অভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা নুরুল আমিন প্রকাশ নুরুল আলম ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নুরুল আমিন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জানা গেছে, আসামি রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের একজন সদস্য এবং তার গ্রুপের অন্যান্য সদস্যরাও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পে ঘোরাফেরা করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় আরেকটি হত্যা মামলা সহ মোট ২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিস্তারিত পরিচয় হলো: নুরুল আমিন প্রকাশ নুরুল আলম ডাকাত (১৯), ঠিকানা- ব্লক-সি, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
