
উখিয়া প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
উখিয়া ব্যাটালিয়ন গোপন সূত্রে খবর পায় যে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের টহল কার্যক্রম জোরদার করা হয়। আজ সোমবার (৩০ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনিবাস (ঝিনুক পরিবহন) শীলখালী অস্থায়ী চেকপোস্টের কাছে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশির জন্য বাসটি থামান।
তল্লাশিকালে নুর আলম (৪৫) নামের এক যাত্রীর কাছে দুটি সাদা রঙের বালতি পাওয়া যায়। মৃত শহর মুল্লুকের ছেলে নুর আলমের বাড়ি টেকনাফ পৌরসভার আলিয়াবাদ ৪নং ওয়ার্ডে। বালতিগুলোর একটির ভেতর আরেকটি রাখা ছিল, এবং প্রথম বালতির ভেতর তিনটি যানবাহনের যন্ত্রাংশ ছিল। ভেতরের বালতির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি লাল রঙের শপিং ব্যাগে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো কালো পলিথিনের ভেতর ২,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন যে তিনি মুচনি রোহিঙ্গা ক্যাম্প থেকে এই ইয়াবা সংগ্রহ করেছিলেন এবং মহেশখালী, কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটককৃত ইয়াবা ও নুর আলমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া চলছে।
