কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ অভিযান

পরিবেশ
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপের সম্মাননাপ্রাপ্ত “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ” এবং “গার্লস ইন রোভার স্কাউটস গ্রুপ” আজ সকালে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। “প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশকে বাঁচাই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে কলেজ ক্যাম্পাস সবুজে ভরে ওঠে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এস.এম. আকতার উদ্দিন চৌধুরী। এছাড়াও প্রফেসর হাশেমুদ্দীন, প্রফেসর জুলফিকর আলী, প্রফেসর জসিম উদ্দিন এবং রোভার স্কাউট লিডার ও সহকারী কমিশনার (জেলা রোভার) প্রভাষক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

কক্সবাজার সিটি কলেজ রোভারের ভূয়সী প্রশংসা করে অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী বলেন, “রোভার স্কাউটরা শুধু শৃঙ্খলা নয়, বরং দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই বহিঃপ্রকাশ।” তিনি রোভারদের এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

রোভার স্কাউট লিডার প্রভাষক জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “রোভারিং শুধু আত্মগঠনের পথ নয়, এটি পরিবেশ রক্ষার আন্দোলনেরও অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের আজই কাজ শুরু করতে হবে।” তিনি আরও জানান যে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকার আবারও প্রমাণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে রোভার ও গার্লস ইন রোভার স্কাউট সদস্যরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারকেল, কাঁঠাল, জাম এবং কদবেল গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের ফলে কলেজের পরিবেশ আরও সজীব ও মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে রোভার স্কাউট লিডার জাহাঙ্গীর আলম নিজ হাতে রোভার ও গার্লস ইন রোভার সদস্য এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এই বিতরণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা আরও ছড়িয়ে দেওয়া হয়।

এই সফল বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ আবারও প্রমাণ করলো, তারা শুধু শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপই নয়, বরং একটি সচেতন ও দায়িত্বশীল সামাজিক শক্তি, যা একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *