কুতুবদিয়ার তৃণমূল প্রতিনিধি সভায় ড. হামিদুর রহমান আজাদ: “সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে”
কুতুবদিয়া প্রতিনিধি:
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, “লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
বুধবার (৯ জুলাই) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ, কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে কুতুবদিয়া উপজেলা সদরের এলহাম কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, জামায়াত নেতা মুহাম্মদ ওসমান গনি, আহমদ নুর, মুহাম্মদ রমিজ, সামশুল আলম, মুহাম্মদ ছাদেক, রুস্তম হায়দার, ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহীম, যুব বিভাগের সভাপতি রবিউল হাসান এবং বায়তুলমাল সম্পাদক হাবিব উল্লাহ।
সভায় প্রিন্সিপাল মাওলানা আবু মুছাসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুলাই উপজেলার ধূরুং দারুচ্ছালাম মহিলা মাদ্রাসা মিলনায়তনে উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং ও লেমশীখালী ইউনিয়নের তৃণমূল প্রতিনিধি সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. হামিদুর রহমান আজাদ।
তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে ত্যাগের চেতনায় জনগণের কাছে পৌঁছাতে হবে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষই জামায়াতের শক্তি, তাদের সাথে সংযোগ বাড়াতে হবে।”

