কক্সবাজারের টেকনাফ, বাহারছড়া: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে বাহারছড়া ইউনিয়ন ছাত্র সমাজ। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রশাসনকে নিরপেক্ষ থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনো রাঘব বোয়ালের কথায় ধর্ষণের মতো জঘন্য কাজকে প্রশ্রয় দিবেন না।” তারা আরও বলেন, “রাঘব বোয়ালদের বলব, সময় থাকতে সাবধান হোন। নয়তো আবার জুলাই নেমে আসবে। আমরা হাসিনার শক্তিশালী মসনদ তছনছ করে দিয়েছি। সেখানে ফেরা বনের টুকাই নেতা আমাদের কাছে কিছুই না। ১৭ বছর ফেরা বনে ছিলেন, এখন অবৈধ ক্ষমতা দেখাতে আসবেন না। লঙ্কায় না গিয়ে রাবণ হওয়ার চেষ্টা করলে লঙ্কায় আর যাওয়া হবে না, মনে রাখবেন।”
বক্তারা বলেন, “২০১৮ সালে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। আর আমরা সবাই প্রতিবাদ করছিলাম। আজ আপনারা জুলাই অভ্যুত্থানের পর প্রেক্ষাপট পরিবর্তন হলে আপনারা নিজেরাই জসিম উদ্দিন কালো মানিক হওয়ার চেষ্টা করছেন। আপনারা সেই নোয়াখালীর ধর্ষিত চার সন্তানের জননীর সাথে বেইমানি করছেন। আপনাদের শেয়ার পার্সোনের ইজ্জতের সাথে বেইমানি করছেন। ভুলে যাবেন না বীর বাঙালি গোলামির জিন্দেগী বেশিদিন মেনে নেয় না। আপনারা লাইনে আসেন।”
মানববন্ধনে উপস্থিত ছাত্র সমাজের নেতারা অপরাধীর বিরুদ্ধে দলীয় অবস্থান না নিয়ে তাকে আইনের আওতায় আনতে সহায়তা করে শহীদ প্রেসিডেন্টের আদর্শকে জাতির কাছে সেরা হিসেবে উপস্থাপন করার আহ্বান জানান। অন্যথায় আশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলার জনগণ তাদের ছুড়ে ফেলবে বলেও হুঁশিয়ারি দেন। তারা বলেন, “এখনো সময় আছে, শুভ বুদ্ধির উদয় হোক।”

