সড়ক দুর্ঘটনায় নিহত কোস্ট কর্মকর্তার পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

উপজেলা কক্সবাজার চাকরি
ছবি: সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামের বাসিন্দা এবং কোস্ট ফাউন্ডেশনের ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছারের অকাল প্রয়াণে তাঁর পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে কোস্ট ফাউন্ডেশন। আজ (৩০ জুন) দুপুর ১২টায় নিহত নুরুল আবছারের নিজ বাড়িতে তাঁর স্ত্রী সায়মা সাকীর হাতে এই অনুদানের চেক তুলে দেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক।

গত ১৪ জুন ঈদগাঁও কলেজের সামনে সিএনজি ও তিশা বাসের মর্মান্তিক সংঘর্ষে মাত্র ২৮ বছর বয়সী নুরুল আবছার নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট ফাউন্ডেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তাঁর সহকর্মীরা দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সার্বিকভাবে পরিবারকে সহায়তা করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গির আলম, আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হোসেন, ঊর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন, এবং শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন কোস্ট ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি একটি সুন্দর দৃষ্টান্ত যে, কোস্ট ফাউন্ডেশন নিজেই মরহুম নুরুল আবছারের বাড়িতে সহায়তা নিয়ে হাজির হয়েছে। এমন মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার।”

কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক বলেন, “যদিও নুরুল আবছার আমাদের সাথে মাত্র তিন মাস কাজ করেছেন, তারপরেও তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোস্ট ফাউন্ডেশন সবসময় কর্মীদের প্রতি আন্তরিক এবং তাঁদের প্রতি সহানুভূতিশীল।”

নুরুল আবছার ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কোস্ট পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এই অনুদান হয়তো পরিবারের শোক কমাতে পারবে না, তবে তাদের এই কঠিন সময়ে কিছুটা হলেও আর্থিক সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *